নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার >>
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে চুরির ঘটনা টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করায় শিল্পী রানী শীল (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করেছে এক চোর। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী শীল ওই এলাকার রবীন্দ্রনাথ শীলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি রবীন্দ্রনাথ শীলের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির নারী সদস্য শিল্পী রানী শীল ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে নিজেকে রক্ষা করতে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিল্পী রানী শীলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনার তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ চলছে বলেও জানান তিনি।




















































