সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় চার থেকে পাঁচ মাসের বেতন বকেয়া থাকার অভিযোগে মেসার্স ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে শ্রমিকেরা প্রধান সড়কে অবস্থান নেন। এতে অক্সিজেন-মুরাদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকেরা বলেন, কারখানাটিতে প্রায় ১ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে প্রায় ৩০০ জন পুরুষ ও ৮০০ জন নারী। দীর্ঘদিন ধরে তাদের কয়েক মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাওনা পরিশোধের দাবি জানালেও মালিকপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধের বিষয়ে কথা বললে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এমনকি কারখানার গেটে তালা দিয়ে জোর করে কাজ করানোরও অভিযোগ করেন তারা।
শ্রমিকেরা আরও অভিযোগ করেন, তাদের পাওনা পরিশোধ না করেই কারখানাটি বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। মালিকানা পরিবর্তনের আগে সব বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন।
তবে মালিকপক্ষের বক্তব্য ভিন্ন। ঘটনাস্থলে থাকা বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘মালিক ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কারখানা বিক্রির সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন এবং নিজেরাই কারখানাটি পরিচালনা করবেন।’
ওসি বলেন, ‘মালিকের দাবি, শ্রমিকদের কোনো বেতন বা অন্য কোনো পাওনা বকেয়া নেই। ভবিষ্যতে কারখানা বিক্রি করা হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।’
এদিকে শ্রমিকদের অভিযোগ ও মালিকপক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।




















































