সুপ্রভাত ডেস্ক »
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।
সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য।
যদি সীমান্ত রক্ষা না করতে পারেন, তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।
নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেয়া প্রেস রিলিজের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজিবি থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ মারা যেত। পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।


















































