বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
বিজনেস

র‌্যাডিসনে শুরু হলো তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’। নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ এক্সপোর উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

---------

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “আমরা সবসময় টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের কথা বলি। তবে এসব বাস্তবায়নের জন্য শুধু পরিকল্পনা করলেই হবে না, সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, স্থাপত্য, নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম নগরীর উন্নয়ন যেন অপরিকল্পিতভাবে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’-এর মতো আয়োজন সংশ্লিষ্ট খাতের পেশাজীবী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সপোর আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান, উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক ড. মাসুদ উর রশীদ এবং এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক।

এক্সপোর আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান বলেন, “স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের সাম্প্রতিক সম্ভাবনা, উদ্ভাবন ও প্রযুক্তিকে সামনে নিয়ে আসার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবী ও অংশীজনদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

তিন দিনব্যাপী এ এক্সপো চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। এতে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি রয়েছে ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগের সুযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা সভা।

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই এক্সপোতে স্থাপত্য, নির্মাণ ও অবকাঠামো খাতের নতুন প্রযুক্তি ও সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ থাকছে।