সুপ্রভাত ডেস্ক »
বিএনপির সরকারের চার মন্ত্রীর পরিবর্তন চেয়ে দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে মিশ্রপ্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ দাবির কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী- এই চারজনকেই পরিবর্তন করা উচিত।
পোস্টটি করার পর নেটিজেনদের অনেকেই এখন পর্যন্ত নানা ধরনের মন্তব্য করেছেন। এর মধ্যে কেউ কেউ নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন দাবিতে সহমতও পোষণ করেছেন।
ইভা শাহরিন নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেন, একসঙ্গে চারজনকে সরানো অসম্ভব। কিন্তু দেশের জনসাধারণ মানুষ যদি চায় তবে সম্ভব। আমি সহমত জানাচ্ছি।
মন্তব্যের ঘরে মুক্তাদির রশিদ নামের একজন লিখেন, নিজের দল চালাতে পারো না। আইছো দেশ নিয়ে। আগে নিজেকে প্রস্তুত করো।
এছাড়া, এই চার দায়িত্ব নাসীরুদ্দীনকে নেওয়ার জন্য বলেন সুজন ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী।
এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সোমবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মাঝেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।
















































