সুপ্রভাত ডেস্ক »
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে সরকারি খাস জমি দখল করে পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন আদালত। অভিযুক্ত ব্যবসায়ী হলেন খোকন দেবনাথ।
ফরিদগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের অধীনে অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ চাঁদপুরের একটি দৈনিকে “ফরিদগঞ্জে সরকারি জমি দখল করে বহুতল ভবন” শীর্ষক সংবাদটি আদালতের নজরে আসে। পরে বিষয়টি তদন্তের জন্য ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)-কে সরেজমিন অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলার ১৪০ নম্বর রূপসা মৌজার ১ নম্বর খতিয়ানের ৩২৪২ নম্বর দাগের ০.০০৩৩ একর সরকারি খাস জমি খোকন দেবনাথ তার নিজস্ব জমির সঙ্গে অবৈধভাবে দখল করে সেখানে পাঁচতলা ভবন নির্মাণ করেছেন।
তদন্তে আরও বলা হয়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে। এ কারণে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল ও ব্যবহার করার দায়ে খোকন দেবনাথকে অভিযুক্ত করা হয়।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ১১ ধারার আওতাভুক্ত অপরাধ। তদন্ত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
স্থানীয়দের মতে, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে আদালতের এ উদ্যোগ দখলবাজির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।


















































