নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। এছাড়া গত ১৪ মে দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকে আফতাবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পরে ভুক্তভোগী বিয়ের বিষয়ে চাপ দিলে আফতাব তা অস্বীকার করেন এবং তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে অনুসন্ধান করে ওই শিক্ষার্থী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
এ ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, আফতাব দলের সদস্য এবং তিনি বিবাহিত। তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে বহিষ্কারও থাকতে পারে।












































