বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

বাংলাদেশ-চীনের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণ

সুপ্রভাত ডেস্ক »

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রী দেশটির সঙ্গে বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেছেন।

-advertise-

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ওয়াং ই বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিক ছিলেন, যিনি চীনের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন এবং চীন-বাংলাদেশ সম্পর্কের বিকাশে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে সর্বাঙ্গীণ সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়। চীন সরকার চীন-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে তার গুরুত্বপূর্ণ অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। উভয় দেশের পূর্বসূরি নেতাদের গড়ে তোলা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করতে এবং চীন-বাংলাদেশ সর্বাঙ্গীণ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চীন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।