
নিজস্ব প্রতিনিধি ফটিকছড়িঃ নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলন জোরদার করেছে স্থানীয়রা। এ দাবিতে হরতাল পালনের পর এবার ছাত্র সমাবেশ করেছেন উত্তর উপজেলার তিন ইউনিয়নের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হেয়াকো বনানী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বাস্তবায়ন ছাত্র ঐক্য কেন্দ্রীয় সমন্বয়ন পরিষদের উদ্যোগে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তিন ইউনিয়নের ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে ছাত্রদল নেতা সাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এবং ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল হাসান তানজিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয়ন পরিষদের প্রধান উপদেষ্টা রকিবুল হাসান চৌধুরী পিটু।
এছাড়া অন্যান্যদের মধ্যে সমন্বয়ন পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল, সদস্য সচিব নুরুল আমিন আজাদ, বিএনপি নেতা আবুল খায়ের, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার, ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কেএফ সাইমন, ছাত্রনেতা নাছির উদ্দিন, আলী আকবর, শিবির নেতা মিনহাজ, দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, ছাত্রনেতা এম এ কাদের, শরীফ চৌধুরী ও শেখ জাহেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক ও জনবান্ধব স্থানে প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এ দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতাল কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

- ছাত্র সমাবেশে বক্তারা।
সমাবেশে বিএনপি নেতা আবু হোসেন আবু, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, মনির হায়দার, মাস্টার শফিউল আলম, হাসান শামসুদ্দীন, জসিম মেম্বার, শ্রমিক নেতা শফিউল আলম, যুবদল নেতা জাকির হোসেন, ব্যবসায়ী এমরান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







































