নিজস্ব প্রতিবেদক >>
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ির নির্ধারিত তিনটি ভেন্যুতে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পৃথক ব্রিফিংকালে তিনি এ নির্দেশনা দেন।
নির্ধারিত ভেন্যুগুলো হলো—হাটহাজারী থানাধীন পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ এবং বাঁশখালীর আব্দুর রশিদ কমিউনিটি সেন্টার।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন।
পরে পুলিশ সুপার নির্ধারিত তিনটি ভেন্যু পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তিনটি ভেন্যু ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ভেন্যুগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।




















































