তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পাম্পগুলোতে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও জ্বালানি নিতে লম্বা সারি ছিল, সেখানে এখন বেশিরভাগ পাম্পই প্রায় গাড়িশূন্য রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের ষোলশহর, নতুন ব্রিজ, পাঁচলাইশ, অক্সিজেন, ওয়াসা ও গণি বেকারি সংলগ্ন কিউসি পাম্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য কোনো চাপ নেই। নেই সেই আগের দীর্ঘ লাইনও।
এদিকে, তেলের দাম বাড়াতেই এতদিন সংকট তৈরি করা হয়েছিলো বলে অভিযোগ করছেন গ্রাহকরা।
নগরের গণি বেকারি সংলগ্ন কিউসি ট্রেডিংয়ে অকটেন নিতে আসা মোটরসাইকেল চালক রহিম উল্লাহ বলেন, আমি মোটরসাইকেল নিয়ে যাত্রী পরিবহন করি। এ কয়েকদিন সীমাহীন কষ্ট করতে হয়েছে। এক ঘণ্টা, কোন সময় দুই ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে। হঠাৎ দেখি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এরপরই দেখি পাম্পের চিত্র পাল্টে গেছে। তেল নেওয়ার কোনো লিমিটেশন নেই। ফুল ট্যাংক লোড করে নিতে পারছি।
পাম্পের কর্মচারী মো. আলমগীর বলেন, ‘গতকাল একটু চাপ থাকলেও আজকে কোনো চাপ নেই। দুইদিন আগেও সবাই ট্যাংকি ভরে অকটেন নিতে চাইতো। এখন নিয়েছি তিনশ টাকার। অনেকে আগে মজুত করেছিল, দাম বাড়ানোর পর এখন সেগুলো ব্যবহার করছে। এজন্য পাম্পে চাপ কমে গেছে।’
চট্টগ্রাম নগরের গাড়ির বেশি চাপ থাকা পাম্পের একটি দামপাড়া এলাকার মেসার্স সিএমপি ফিলিং স্টেশন। দেড় মাস ধরে রাতদিন লাইন থাকতো পাম্পটিতে। মাত্র দুইদিনের ব্যবধানে উল্টো চিত্র মিলেছে। বৃহস্পতিবার সকালে পাম্পটিতে গাড়ির কোনো লাইন ছিল না।




















































