এ মুহূর্তের সংবাদ

রিহ্যাব নির্বাচনে রেকর্ড জয় : সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত সারিস্ত বিনতে নূর

সুপ্রভাত ডেস্ক »

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা সারিস্ত বিনতে নূর।

গত শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি চট্টগ্রাম অঞ্চল থেকে সর্বোচ্চ ৩১৪ ভোট পেয়ে এই গৌরব অর্জন করেন। উল্লেখ্য, রিহ্যাব চট্টগ্রামের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে জয়লাভ করার ইতিহাস গড়লেন।

সারিস্ত বিনতে নূর দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লিমিটেড-এর পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। গত কয়েক বছর ধরে তিনি রিহ্যাবের সাধারণ সদস্য হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পেশাদারিত্বের পাশাপাশি তিনি সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনেও সুপরিচিত। বর্তমানে তিনি চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তার এই বিশাল বিজয়ে চট্টগ্রামের আবাসন ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এক প্রতিক্রিয়ায় সারিস্ত বিনতে নূর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় আমার একার নয়, বরং চট্টগ্রামের সকল আবাসন ব্যবসায়ীর আস্থার প্রতিফলন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা। আমি আবাসন খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।”

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করছেন যে, তার এই নেতৃত্বের মাধ্যমে রিহ্যাব চট্টগ্রাম জোনের কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে এবং আবাসন খাতের বিদ্যমান সমস্যা সমাধানে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।