বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী নলা কাশেম অস্ত্রসহ গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকার একসময়ের ‘ত্রাস’ হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার) রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দক্ষিণ সলিমপুর এলাকায় এই বিশেষ অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নলা কাশেম ও তার সশস্ত্র সহযোগীরা পালানোর চেষ্টা করেন।

এসময় পুলিশ চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলে নলা কাশেমকে অস্ত্রসহ ধরে ফেললেও তার সহযোগীরা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া নলা কাশেমের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন ও হত্যাসহ মোট ১৫টি মামলা রয়েছে। সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডেও তিনি অন্যতম আসামি।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, একসময় ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে পুনরায় সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তার পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।