নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইকে জানি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা।
শুক্রবার (২৮ আগস্ট) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কুইজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, পটিয়া, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কুইজে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ অধ্যায় ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগী শিক্ষার্থী মুশফিকুর রাইয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কুইজে অংশ নিয়ে জুলাইয়ের ঘটনাগুলো সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি। ভবিষ্যতে এ ধরনের আয়োজন হলে আমরা আরও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করব।”
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে জানার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ইতিহাস ও দেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



















































