সুপ্রভাত ডেস্ক >>
বকেয়া বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মডিস্ট ইপিজেড লিমিটেডের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়ে তা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন মডিস্টের শ্রমিক-কর্মচারীরা। এতে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে শ্রমিকরা জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান। একই সঙ্গে কারখানার আর্থিক কার্যক্রম তদন্ত এবং প্রয়োজনে কারখানা নিলামে বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি তোলেন তারা।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। নিয়মিত বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১৩ সেপ্টেম্বর সিইপিজেডের বেপজা কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে সমন্বয়কারী মো. এরশাদ হোসেন ছাড়াও মো. সাজু মিয়া, মো. ফয়সাল হোসেন, শাহিনুর বেগম ও সেলিনা আক্তারসহ কারখানাটির বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিতে যান




















































