সুপ্রভাত ডেস্ক >>
ঢাকা–চট্টগ্রাম রেল করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই রুটের যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে ঢাকা–কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ঢাকা–চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, ইলেকট্রিক ট্র্যাকশন চালু হলে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এদিকে ঢাকা–চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সরাসরি কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এই কর্ডলাইনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই শহরের মধ্যে রেলপথের দূরত্ব কমার পাশাপাশি ট্রেনের গড় গতিও বাড়বে।
প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় টঙ্গী–আখাউড়া এবং লাকসাম–চট্টগ্রাম অংশের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে।
এর মধ্যে লাকসাম–চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে টঙ্গী–আখাউড়া অংশের প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ইলেকট্রিক ট্রেন, কর্ডলাইন ও ডুয়েলগেজ ডাবল লাইন—এই তিন উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা–চট্টগ্রাম রেল করিডোরে যাত্রী পরিবহনের সক্ষমতা বহুগুণ বাড়বে এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই রুটে দ্রুত ও আধুনিক রেল যোগাযোগ নিশ্চিত হবে।




















































