Uncategorized

উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :

উখিয়ায় দেশীয় অস্ত্র ও দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বালুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক দক্ষিণ রহমতের বিল এলাকার মো. কলিম মোল্লার ছেলে জামাল উদ্দিন। বালুখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকায় মো. কামাল মিয়ার বাড়িতে পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের উৎপাদিত ইয়াবা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি চৌকস দল রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে কামালের বাড়ি তল্লাশি করে তার ছোটভাই মো. জামাল উদ্দিনকে আটক করে।

পরে আসামিকে জিজ্ঞাসাবাদের পর বাড়ির উঠানে গর্ত করে অতি কৌশলে লুকায়িত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত মালামালসহ আসামিকে গতকাল উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম নিশ্চিত করেছেন।