নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদ হোসেন সিএনজি অটোরিকশা থেকে সড়কের ডান পাশে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় পেছন থেকে একটি কনটেইনারবাহী ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট ১১-২২৩৬) সিএনজি অটোরিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় সিএনজি চালক সাইফুল ইসলামও আহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়।
আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত বলেন, “আহত রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। আমরা তাকে চমেক হাসপাতালে রেফার করি।”
জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”




















































