সুপ্রভাত ডেস্ক >>
অফিসগামী মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে কমিউট (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) উপায়।
সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় উপায় গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে কমিউটের প্রিমিয়াম অফিস-কমিউট সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে উপায় ওয়ালেট ব্যবহার করে সহজেই পরিবহন ভাড়া পরিশোধের সুবিধাও পাবেন তারা।
এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন, মূল্যছাড় ও বিভিন্ন প্রমোশনাল অফার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে অফিসযাত্রার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতাও আরও সহজ ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং কমিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন সরকার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি সম্পর্কে উপায়-এর করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম বলেন, “আর্থিক সেবার পাশাপাশি উপায়-এর মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন সুবিধা সহজলভ্য করতে আমরা কাজ করছি। কমিউটের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে অফিস-যাতায়াতের সঙ্গে ডিজিটাল পেমেন্টকে যুক্ত করে গ্রাহকদের আরও নির্বিঘ্ন অভিজ্ঞতা দিতে চাই।”
কমিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন সরকার বলেন, “উপায়-এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমাদের প্রিমিয়াম পরিবহনসেবায় ডিজিটাল পেমেন্টের সুবিধা যুক্ত হচ্ছে। এতে গ্রাহকরা কমিউটের সেবা গ্রহণের পাশাপাশি ভাড়াও সহজে পরিশোধ করতে পারবেন।”
সংশ্লিষ্টরা জানান, এ অংশীদারত্বের মাধ্যমে আর্থিক সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে উপায়-এর ডিজিটাল প্ল্যাটফর্মের সংযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে অফিসগামী মানুষের জন্য পরিবহনসেবা গ্রহণ ও ভাড়া পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।



















































