শৈল-সৈকত ও দেশগ্রাম

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশু উদ্ধার

উখিয়া (কক্সবাজার) >>

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় দুই ঘণ্টার মধ্যে পূর্ণ বড়ুয়া (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

---------

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শিশু পূর্ণ বড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ।

উখিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধরসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, “শিশুটিকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় নিখোঁজের অল্প সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করায় স্বস্তি ফিরেছে তার পরিবারে।