এ মুহূর্তের সংবাদ

আনোয়ারায় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

সোমবার (১১ মে) রাত আনুমানিক নয়টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকার চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফেজ মো. মিজানুর রহমান (৩২) আনোয়ারা উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের আব্দুল নবী মেম্বারের ছেলে। নিহত গৃহবধূ হালিমা আক্তার একই উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, রোববার (১০ মে) সকালে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ হালিমা আক্তার মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর স্বামী মিজানুর রহমান ফোন করে তার পরিবারকে জানায় যে তার স্ত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহত গৃহবধূর বাবার বাড়ির লোকজন আসেন। এসময় একটি কক্ষে টিনের চালের খুঁটির সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান তারা।

তাদের দাবি, নিহত গৃহবধূর পা মাটির সঙ্গে লেগেছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।

পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন প্রায় সময় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় নিহত গৃহবধূ ও তার স্বামী কিছুদিন ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে তাদেরকে শ্বশুর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর গ্রেপ্তার হাফেজ মো. মিজানুর রহমানের সঙ্গে ভিকটিমের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত, এ বিষয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়েছে।

র‍্যাব জানায়, আনোয়ারা থানার একটি আত্মহত্যা প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি নগরের চকবাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গৃহবধূ আত্মহত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিজানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব।