এ মুহূর্তের সংবাদ

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে ডা. শফিকুর রহমান

কাঞ্চনা ও এওচিয়ায় ত্রাণ বিতরণ, দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া »

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

-advertise-

শুক্রবার (১০ জুলাই) তিনি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শনকালে তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস এস. এম. ফরহাদ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিগণ ফয়সাল মুহাম্মদ ইউনুস, শামসুজ্জামান হেলালী, জসিম উদ্দিন ও ইবরাহিম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া উপজেলা শাখা।

স্থানীয় নেতারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।