ক্যাম্পাস

বৃক্ষরোপণ অত্যন্ত সওয়াবের কাজ: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সুপ্রভাত ডেস্ক >>

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, বৃক্ষরোপণ একটি অত্যন্ত সওয়াবের কাজ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

---------

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), চট্টগ্রাম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিএফআরআই মিলনায়তনে ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ইনস্টিটিউটের বন ব্যবস্থাপনা বিভাগের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম সভাপতিত্ব করেন। এ সময় বিএফআরআইয়ের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন বনজ সম্পদ বিভাগের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বন গবেষণা, বন সংরক্ষণ ও বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। দেশের মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর জন্য তিনি উৎসাহিত করেন।

সভা শেষে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। সভা পরিচালনা করেন সিলভিকালচার জেনেটিক্স বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. ওয়াহিদা পারভীন।

পরে প্রতিমন্ত্রী বিএফআরআই ক্যাম্পাসে একটি শ্বেত চন্দনের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

বিএফআরআই পরিদর্শনের অংশ হিসেবে তিনি সিলভিকালচার জেনেটিক্স বিভাগের নার্সারিতে চলমান গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং উচ্চ ফলনশীল রাবার ক্লোনের গ্রাফটিংসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে বিএফআরআইয়ের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।