সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে এনসিটি দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, বর্তমানে বন্দরের ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


















































