এ মুহূর্তের সংবাদ

পতেঙ্গায় মিয়ানমারগামী কার্গোবোটসহ সাত পাচারকারীকে আটক

সুপ্রভাত ডেস্ক »

পতেঙ্গায় মিয়ানমারগামী একটি কার্গোবোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

-advertise-

শুক্রবার (২৯ আগস্ট) পতেঙ্গা থানার কয়লা ডিপো পুলিশ ফাঁড়ির পাশের কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে প্রায় ৫১ লাখ টাকার খাদ্যসামগ্রী, বস্ত্র ও পাচারে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০টি লুঙ্গি ও ৪০০টি শাড়ি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৬৭ হাজার টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কোস্টগার্ড একটি সন্দেহজনক কার্গোবোটে তল্লাশি চালায়। এসময় শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। আটক সাত পাচারকারীকে জব্দ করা বোট ও মালামালসহ আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।