সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে ধনিয়ালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার আমিনুল হকের ছেলে সাকিব (২৩) এবং একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার মিলন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে একটি ভবনের নির্মাণকাজ চলছিল। আজ দুপুরে ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খোলার জন্য সাকিব ও হৃদয় ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তারা অচেতন হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম। তিনি বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুইজনের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। নিহত দুজনেই নির্মাণশ্রমিক ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















































