
সুপ্রভাত ডেস্ক »
আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে দশদিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল।
চার দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এ মাহফিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বাদ আসর আনুষ্ঠানিকভাবে মাহফিলের উদ্বোধন হবে। এতে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, পীর-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন।
এবারের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরাকের বাগদাদ থেকে আগত বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা.)-এর দরবারের সাজ্জাদানশীন ও বংশধর শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী।
এছাড়া ভারতের কলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব ও বিশ্ববরেণ্য আলেম শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতী ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন। আগামীকাল মাহফিলের প্রথম দিনে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
আজ চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে মাহফিল পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
মাহফিলে প্রতিদিন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।
আয়োজক কমিটি দেশের সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের শিক্ষা হৃদয়ে ধারণ করতে এবং আহলে বায়তে রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত এই মহতি আয়োজনে অংশগ্রহণ করতে সবাইকে পরিবার-পরিজনসহ মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

















































