চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে “Be Part Of The Change Together, For A Greener Tomorrow” প্রতিপাদ্যে দিনব্যাপী “গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে ‘Understanding Green Campus’ শীর্ষক কি-নোট বক্তব্য উপস্থাপন করেন আওয়ার গ্রিন ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ” আমরা পলিসি দেবো সায়েন্টিস্টরা সেই পলিসি বাস্তবায়ন করবে। যারা টেকনোলজি নিয়ে কাজ করেন তারা এনার্জি সেভার জিনিসগুলোকে আমাদের সামনে আনবে। কিন্তু কোন ফিলোসফির উপর যারা ব্যবহার করবে যারা এটার ভুক্তভোগী হবে তাদের আচরণ যদি প্রো এনভায়রনমেন্টাল না হয় তাহলে এভাবে কোনো কিছুই কাজ করবে না। সেই জন্য আমরা আমাদের ফিলোসফিকে দাঁড় করাই যেটার নাম দিই গ্রিন ফিলোসফি। গ্রিন ফিলোসফিটা কি? এটা হচ্ছে এমন একটা দর্শন যেই দর্শন আপনার সাথে পরিবেশের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করবে। সেই সম্পর্ক হবে পজেটিভ।”
এই আয়োজনে ‘বিল্ডিং এ সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস’ এর ওপর একটি প্যানেল ডিসকাশন হয়। এখানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন দা বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, অধ্যাপক ড. খাদিজা মিতু, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, প্রফেসর ড. মো. আনোয়ার হোসাইন, ড. মো. আরিফুর রহমান। প্যানেল ডিসকাশনে সঞ্চালনা করেন আওয়ার গ্রিন ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের আচরণ ও চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই তা প্রকৃত শিক্ষা হিসেবে বিবেচিত হয়। পরিবেশ শিক্ষা এমন একটি শিক্ষা, যা মানুষের জীবনযাপন, মূল্যবোধ ও দায়িত্ববোধে পরিবর্তন এনে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।
এ সময় তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস পরিবেশ শিক্ষা প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেছে। তিনি পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন বিষয়ে এমন সময়োপযোগী সামিট আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসপিয়া।
স্বাগত বক্তব্যে মুজাহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের সংকট আজ আমাদের একটি চরম বাস্তবতা। তাই পরিবেশ রক্ষা এখন আর শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ ও অস্তিত্বের প্রশ্ন।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, Green Education মানুষকে সচেতন ও দায়িত্বশীল করে তোলে, আর Sustainability আমাদের শেখায় কীভাবে উন্নয়ন ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়। এই বিশ্বাস থেকেই Our Green Campus-এর মূল প্রতিপাদ্য “Boosting Green Futures.
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, ইপসার প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না ও উর্মী। সামিটে আওয়ার গ্রিন ক্যাম্পাস সংগঠনের সদস্যরা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
















































