এ মুহূর্তের সংবাদ

সীতাকুণ্ড উপকূলে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে এসেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ।

---------

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ফেরিঘাটের দক্ষিণ পাশের সাগর উপকূলে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াহেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল নীল রঙের হাফপ্যান্ট ও লাল রঙের গেঞ্জি। মরদেহটি অতিরিক্ত পচে যাওয়ায় শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সমিউদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।