রোববার শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা যাচাই ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটগুলোতে একযোগে পরিচালিত হবে।

এর মাধ্যমে মূলত বাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের মূল্যায়ন ও আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন সাধন করা হবে।

এই মহড়ায় বিমানবাহিনীর সকল যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস টু এয়ার মিসাইল ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোনের ব্যবহারও এই মহড়ার অন্যতম আকর্ষণ। বিমানবাহিনীর সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি এটি বাহিনীর পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।