বিজনেস

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা পেলেন প্রবাসী মোজাফফর

নিজস্ব প্রতিবেদক >>

বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা এবং প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কেরানীহাট শাখা সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহক প্রবাসী মোজাফফর হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান করেছে।

---------

চট্টগ্রামের কেরানীহাট শাখায় পরিচালিত তাঁর ব্যাংক হিসাবের মাধ্যমে চলতি বছরে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মাননাপ্রাপ্ত প্রবাসী মোজাফফর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. অহিদুল আলম এবং সঞ্চালনা করেন ফজলুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান, শিহাবুদ্দিন মো. ইউসুপ, সাবেক ইউপি সদস্য হাসান মাহমুদ, শিক্ষক মো. লুকমান, ছাত্রনেতা মো. হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাফর আহমেদ।

সম্মাননা গ্রহণের পর মোজাফফর হোসাইন বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি ইউসিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব প্রবাসীকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি।”

বক্তারা বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করা এবং অর্থনীতিকে গতিশীল রাখতে প্রবাসীদের অবদান অপরিসীম। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে ইউসিবির এ ধরনের উদ্যোগ প্রবাসীদের আরও উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানের শেষে কেরানীহাট শাখার ম্যানেজার ও একজন কর্মকর্তা প্রবাসী মোজাফফর হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।