নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি >>
“জ্ঞান জিয়ারত করতে আসে না, জ্ঞানের অধিকারীদের কাছে জিয়ারত করতে যেতে হয়”— মন্তব্য করে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ আলেমদের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।
তিনি বলেন, দেশের ধর্মভিত্তিক রাজনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা সফর করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করছিলেন। জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া ও পরামর্শ নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আলেমদের সমালোচনাকে আমরা পরামর্শ হিসেবে দেখি। তাঁদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক বিষয়ে আলেম সমাজের মতামত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের মুসলমানদের বড় একটি অংশ হানাফি মাজহাবের অনুসারী উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট একই মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।
























































