স্বদেশ

বাঁশখালীবাসীকে প্রতিবছর বন্যা মোকাবেলা করতে হবে না: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক >>

প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে বন্যা মোকাবেলা করতে না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

---------

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে এ অঞ্চলের খালগুলো অস্তিত্ব হারানোর পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। খালগুলো খনন ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

পরে তিনি বাঁশখালীর বাহারছড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।