মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আবদুন নূর তুষার বলেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষ। তাই আমাদের শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, মানুষের চিন্তা, জ্ঞান, বিবেক ও মানবিকতার উন্নয়ন ঘটাতে হবে। ক্ষমতা থাকলেই প্রতিশোধ নিতে হবে এমন নয়; ক্ষমা করার ক্ষমতাই অনেক সময় মানুষের সবচেয়ে বড় শক্তি।
কাউকে বিচার করার আগে তাকে বোঝার চেষ্টা করতে হবে, আর যে পিছিয়ে আছে তাকে ছোট না করে সুযোগ দিতে হবে।
তিনি গতকাল দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ৩ মাস ব্যাপি সার্টিফিকেট কোর্স দৃষ্টি স্কুল অব ডিবেট এর ৩৫তম ব্যাচের উদ্বোধন করতে গিয়ে একথা গুলো বলেন।
মুক্তির জন্য যুক্তি এই শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। এই কোর্স উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জেবুন্নেসা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি প্রাবন্ধিক সাইফ চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম। বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম আহবায়ক বনকুসুম বড়ুয়া নূপুর, দৃষ্টি চট্টগ্রামের নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মুজিবুল হক ও ইয়াসিন সাকিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার আবদুন নুর তুষার আরো বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক সমাজে প্রত্যেক মানুষের অধিকার সমান। স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়; নিজের অধিকার ভোগ করার পাশাপাশি অন্যের অধিকার ও সম্মানকে রক্ষা করাও স্বাধীনতার অংশ।
তিনি আরো বলেন, আমাদের অতীতকে জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু শুধু অতীত নিয়ে গর্ব করলে চলবে না—ভবিষ্যৎও তৈরি করতে হবে। আমি বাঙালি, আমি বাংলাদেশি—এটা আমার গর্ব; কিন্তু সেই গর্ব কখনো অন্য জাতি, অন্য দেশ বা অন্য ভাষাকে ছোট করার কারণ হতে পারে না। আমাদের শিকড়কে জানতে হবে, নিজের ভাষাকে ভালোবাসতে হবে, ইতিহাসকে বুঝতে হবে এবং ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে তুলতে হবে। কারণ পৃথিবী আমাদের শুধু আমরা কী ছিলাম, তার জন্য মনে রাখবে না। পৃথিবী আমাদের মনে রাখবে—আমরা আগামী প্রজন্মের জন্য কী রেখে গেলাম, তার জন্য।
কোর্স উদ্বোধন করতে গিয়ে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জেবুন্নেসা বলেন, দীর্ঘদিন ধরে দৃষ্টি চট্টগ্রাম তরুণদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিতর্কচর্চা তরুণদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে শেখায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যাংকার ও প্রাবন্ধিক সাইফ চৌধুরী বলেন, বিতর্কচর্চা শুধু কথা বলার দক্ষতা বাড়ায় না, বরং তরুণদের যুক্তি দিয়ে চিন্তা করতে, ভিন্নমতকে সম্মান করতে এবং দায়িত্বশীলভাবে নিজের মত প্রকাশ করতে শেখায়।
সভাপতির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, দৃষ্টি চট্টগ্রামের দীর্ঘ পথচলায় বিতর্কচর্চা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃষ্টি স্কুল অব ডিবেটের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।
























































