সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের ইপিজেড-সল্টগোলা ক্রসিং এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ লক্ষ্যে সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেছেন সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন
বৃহস্পতিবার (২৫ জুন) তিনি নয়ারহাট খাল ও ইপিজেড-সল্টগোলা ক্রসিং সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্লুইসগেট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিডিএ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নয়ারহাট খালের সংস্কারকাজ আগেই সম্পন্ন করা হয়েছিল। তবে খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি খালে প্রবেশ করে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। ফলে হালিশহর, ইপিজেড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা অব্যাহত রয়েছে।
এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি
পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সংসদীয় এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। স্লুইসগেট নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ব্যবহারসংক্রান্ত বিষয়গুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত অগ্রসর হওয়ার কথাও জানান তিনি। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সিডিএ চেয়ারম্যান। এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আমি আপনাদের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণ করে দেব। তবে আপনাদেরও একটি প্রতিশ্রুতি দিতে হবে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না, নালা-খাল দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রাম গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


















































