ফিচার শিল্প-সাহিত্য

জন কিটস-এর কবিতা

নিঃসঙ্গতার প্রতি

অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

ইংরেজ গীতিকবি জন কিটস ৩১শে অক্টোবর ১৭৯৫ খ্রিস্টাব্দে লন্ডনের মুরফিল্ডসের একটি ভাড়াটে ঘোড়ার আস্তাবলে জন্মগ্রহণ করেন এবং ২৩শে ফেব্রুয়ারি ১৮২১ খ্রিস্টাব্দে ইতালির রোমে মারা যান। তিনি ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি। চির সুন্দরের কবি জন কিটস এর কাব্যশৈলী ছিল কামনাপ্রবণতায় ভরপুর, বিশেষত তার গীতিকাব্য বা স্তবগানগুলোতে। আজো তার কবিতা বা চিঠিপত্র ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় সৃষ্টিকর্ম।

---------

 

হে নিঃসঙ্গতা!
যদি আমাকে তোমার সাথেই বাস করতে হয়,
তা যেন ঝাপসা দালানকোঠার জটলাপূর্ণ স্তূপের মধ্যে না থাকে;
আমার সাথে চড়ো সেই খাড়া পথে,
প্রকৃতির মানমন্দিরে- যেখান থেকে উপত্যকা,
এর পুষ্পময় ঢাল, এর নদীর স্বচ্ছ ঢেউ,
মনে হতে পারে এক বিঘত;
আমি তোমার প্রহরা পালন করি
বৃক্ষশাখায় ঘেরা চাঁদোয়ার মধ্যে,
যেখানে হরিণের ক্ষিপ্র লাফে
শেয়াল মোজা ঘণ্টা ফুল থেকে বুনো মৌমাছি চমকে ওঠে ।
কিন্তু যাই হোক আমি সানন্দে তোমার সাথে এই দৃশ্যগুলো খুঁজে বের করব,
তবুও এক নিষ্পাপ মনের মিষ্টি আলাপ,
যার কথাগুলো পরিশীলিত চিন্তার প্রতিচ্ছবি,
এটিই আমার আত্মার তৃপ্তি;
আর নিশ্চয়ই তা হবে মানবজাতির প্রায় সর্বোৎকৃষ্ট পরমানন্দ,
যখন দুটি সমমনা আত্মা তোমার সান্নিধ্যে চলে যায় ।