এ মুহূর্তের সংবাদ

রেস্তোরাঁয় তেলাপোকা-মেয়াদোত্তীর্ণ মোরব্বা

৬ লাখ টাকা জরিমানা

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

---------

বুধবার (২ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের বিভিন্ন স্থানে গুরুতর অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকার বিচরণ দেখা যায়। এ ছাড়া, রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে, টাইলস ভাঙা এবং ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল।

অভিযানে পোড়াতেল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি, হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় রেস্তোরাঁটির মালিকপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল। খাদ্য উপকরণের মধ্যে তেলাপোকা ও ছাড়পোকার উপস্থিতি, কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ, পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা এবং অননুমোদিত উপকরণ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এসব বিষয় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।