সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীদের জন্য দুইটি বেড বাবদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন আমেরিকান প্রবাসী চক্ষু বিশেষজ্ঞ ডা. মুশতারী খান। তাঁর পক্ষে অনুদানের চেক তুলে দেন ভাই ব্যবসায়ী আদনান আলী খান।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেনের হাতে দুইটি রোগীর বেড বাবদ ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, ব্যবসায়ী সরওয়ার কালামসহ অন্যান্যরা।
চেক গ্রহণকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে সবার সহযোগিতা রয়েছে। হাসপাতালের সাবেক ম্যানেজিং ট্রাস্টি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেন কয়েকজন সমাজকর্মীর উদ্যোগে অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমুখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে সারা দেশে এর কার্যক্রম প্রসার লাভ করে।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল লক্ষ লক্ষ রোগীর চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে একটি ব্যতিক্রমধর্মী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রোগীদের কল্যাণে এভাবে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায়ও সকলের সহযোগিতা কামনা করেন।
অনুদানের বিষয়ে ব্যবসায়ী আদনান আলী খান বলেন, “আন্তর্জাতিক মানের চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সেবামুখী প্রশংসনীয় কার্যক্রম আমাদের তাড়িত করে প্রচণ্ড আবেগে। তাই আমার বোনের পক্ষ থেকে এই ক্ষুদ্র নিবেদন। অতীতের মতো আজও হাসপাতালের সেবা কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের মতো সবাই যেন রোগীদের কল্যাণে এভাবে এগিয়ে আসে, এটাই প্রত্যাশা করছি।”
























































