সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার মানুষের পাশে দাঁড়াতে আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম চট্টগ্রাম সফর।
সফরে তিনি দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। সফরের বিস্তারিত কর্মসূচি শিগগিরই প্রকাশ করা হবে।
জানা গেছে, সফরের অন্যতম গন্তব্য পশ্চিম বাঁশখালী।সেখানে তিনি বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সরকারি উদ্যোগে নির্মিত ১০০টি নতুন বাড়ি গৃহহারা পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
এছাড়া হাটহাজারী ও ফটিকছড়ির ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করে স্থানীয়দের খোঁজখবর নেবেন এবং চলমান পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রাম জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য সফরস্থলগুলোতে নিরাপত্তা জোরদার, হেলিপ্যাড নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে। সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত কর্মসূচি হাতে পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক কর্মসূচি পাওয়ার পর সেই অনুযায়ী মাঠপর্যায়ের কার্যক্রম চূড়ান্ত করা হবে।
এদিকে সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ ও জনসমাগম ব্যবস্থাপনাতেও তারা প্রশাসনকে সহযোগিতা করবেন।
বন্যাকবলিত মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখা, পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের সহায়তা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা।



















































