সুপ্রভাত ডেস্ক >>
ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্ব মশা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে সচেতনতামূলক র্যালি করেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বা সীমান্তবিহীন চিকিৎসক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এমএসএফের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত র্যালিটি নগরীর জিইসি মোড়, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। “মশার প্রজনন চক্র ভেঙে দিন, প্রতিটি জীবন সুরক্ষিত রাখুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
র্যালির মাধ্যমে স্থানীয় জনগণকে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে বাড়িঘর, আশপাশের এলাকা ও কর্মস্থলে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
এমএসএফ জানায়, প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়। মশাবাহিত রোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করাই এ দিবসের মূল উদ্দেশ্য। ডেঙ্গু ছাড়াও মশাবাহিত রোগের মধ্যে রয়েছে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস, ইয়েলো ফিভার ও ওয়েস্ট নাইল ভাইরাস।
চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম জোরদারে এমএসএফ স্থানীয় সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সংস্থাটি ডেঙ্গু প্রতিরোধ, রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা এবং কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রমে সহযোগিতা দিয়ে আসছে।
এরই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসা সামগ্রী এবং চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়কে ভেক্টর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ প্রদান করেছে এমএসএফ।
এমএসএফের মতে, ডেঙ্গুর প্রভাব কমাতে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ), যা ডক্টরস উইদাউট বর্ডারস বা “সীমান্তবিহীন চিকিৎসক দল” নামে পরিচিত, একটি আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে একদল চিকিৎসক ও সাংবাদিকের উদ্যোগে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা, মহামারি, দুর্যোগ এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করে এমএসএফ। চিকিৎসা নৈতিকতা, স্বাধীনতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার নীতির ভিত্তিতে পরিচালিত এই অলাভজনক সংস্থায় বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী, লজিস্টিক ও প্রশাসনিক কর্মী কাজ করছেন।




















































