সুপ্রভাত ডেস্ক >>
সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আনাছকে মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আনাছকে মনোনয়ন দিয়েছে শিক্ষা বোর্ড। জেলা শিক্ষা অফিসার মনোনীত মোহাম্মদ ইলিয়াছ শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীত মো. আবু ছিদ্দিক চৌধুরী অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব থাকবেন।
মোহাম্মদ আনাছ সাতকানিয়ার বারদোনা এলাকার সমাজসেবক নুরুচ্ছফার ছেলে। তিনি বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
আনাছ ইউআইটিএস থেকে বিবিএ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
























































