সুপ্রভাত ডেস্ক >>
ময়মনসিংহে কর্মরত ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর সন্ত্রাসী হামলা এবং তাঁদের ক্লিনিকে ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রধান ফটকে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশন (BASAVA)-চট্টগ্রাম চ্যাপ্টার, চট্টগ্রাম প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন (CPVA) ও সিভাসু অ্যালামনাই এসোসিয়েশন।
সমাবেশে উপস্থিত ছিলেন BASAVA চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডা. ভজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইউসুফ এলাহী চৌধুরী, CPVA সভাপতি ডা. ইসমাইল, সাধারণ সম্পাদক ডা. নুরুল আজিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাইভেট প্র্যাকটিশনার ও অ্যালামনাই সদস্যরা।
বক্তারা ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ থেকে ভেটেরিনারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে দেশব্যাপী ভেটেরিনারি চিকিৎসক ও পেশাজীবী সংগঠনগুলো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।




















































