সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় জেমিসন হাসপাতালকে আরও এগিয়ে নিতে চাই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, ‘জেমিসন হাসপাতালকে চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে চাই। এ জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
মাহবুবের রহমান শামীম বলেন, দায়িত্ব গ্রহণের পর হাসপাতালটি একাধিকবার পরিদর্শন করেছি। এখানকার সম্ভাবনা ও সীমাবদ্ধতাগুলো দেখেছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
সভায় নির্বাচিতরা হলেন—ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কার্যনির্বাহী সদস্য ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।’
নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সদস্যরা আমাদের প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা সম্মানের। আমরা সেই আস্থার মর্যাদা রক্ষা করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’
তিনি বলেন, ‘রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করা এবং জেমিসন হাসপাতালের সেবার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এ জন্য আজীবন সদস্য, বার্ষিক সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’



















































