মহানগর

গলায় দাগ, মুখে রক্ত: খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু ঘিরে রহস্য

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনি থেকে মৌসুমী নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

---------

মৌসুমীর গলায় চিকন দাগ, মুখে রক্ত এবং জিহ্বা বের হয়ে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ ঘটনায় তার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করছিলেন মৌসুমী। হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে তিনি সদস্যদের বিভিন্ন বিষয় দেখভাল করতেন। সম্প্রদায়ের সদস্যদের কাছে তিনি গুরুমা হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলার পর নিজ কক্ষে ঘুমাতে যান মৌসুমী। শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা কক্ষে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, মৌসুমীর গলায় চিকন কোনো বস্তু পেঁচিয়ে ধরার মতো দাগ ছিল। তার মুখে রক্ত এবং হাতে কালো দাগও দেখা যায়। ঘটনাস্থলে থাকা পাখি হিজড়া জানান, সকালে ঘরে ঢুকে তিনি মৌসুমীর মুখ দিয়ে রক্ত বের হতে এবং জিহ্বা বের হয়ে থাকতে দেখেন।

মৌসুমীর মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ হিজড়া সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

খুলশী থানার উপপরিদর্শক নাছিম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।