বিজনেস

চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার জাহাজীকরণের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড হয়েছে।

---------

বুধবার (১২ আগস্ট) জিসিবি ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের জাহাজ ‘Maersk Bintulu’-তে ৯৩৩ বক্স রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার ( ১ হাজার ৭৮৪ টিইইউএসের সমান) জাহাজীকরণ করা হয়। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি জাহাজে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রপ্তানি কনটেইনার জাহাজীকরণের রেকর্ড।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, “একটি জাহাজে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণ নতুন রেকর্ড। এর আগে গত ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস রপ্তানি কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল।”

তিনি বলেন, “এ ছাড়া একই জাহাজে ১৪৪ বক্স বা ১৪৭ টিইইউএস খালি কনটেইনার জাহাজীকরণ হয়েছে। সব মিলিয়ে জাহাজটিতে মোট ১ হাজার ৭৭ বক্স বা ১ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে। এ ধরনের রেকর্ড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতার পাশাপাশি দেশের রপ্তানি কার্যক্রমের অগ্রগতির ইতিবাচক দৃষ্টান্ত।”

এর আগে ১৮ জুন ২০২৬ তারিখে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস। নতুন রেকর্ডে আগের তুলনায় ১৯১ বক্স এবং ৩৪৫ টিইইউএস বেশি রপ্তানি কনটেইনার জাহাজীকরণ হয়েছে।