সুপ্রভাত ডেস্ক>>
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিসিএল) পরিচালনা পর্ষদের ৩৬তম সভায় রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ সিদ্ধান্ত ২৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। একই সভায় কোম্পানির নেতৃত্ব পর্যায়ের আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ অনুমোদন করা হয়েছে।
বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনায় ইউসিসিএলের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্য আরও শক্তিশালী হবে।
এ ছাড়া শামসান সাদিককে কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাসিরকে হেড অব ফাইন্যান্স হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে শারমিন আখতারকে কোম্পানির কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইউসিসিএল জানিয়েছে, নতুন এসব নিয়োগের মাধ্যমে করপোরেট সুশাসন আরও জোরদার, অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রতিষ্ঠানের কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কোম্পানি কাজ করে যাবে।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড বাংলাদেশের ভোক্তাদের জন্য স্বাস্থ্য ও পুষ্টিপণ্য উৎপাদন ও বাজারজাত করে। বিশ্বমানের ব্র্যান্ড, দক্ষ জনবল এবং শক্তিশালী সুশাসন কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তাদের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার উন্নয়নে কাজ করে যাচ্ছে।























































