আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা >>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো এন্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে তিনি বলেন, বনফুল এগ্রো এন্ড ডেইরি কারখানা ও গবাদিপশুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপলাইনের মাধ্যমে পার্শ্ববর্তী খালে অপসারণ করে খালের পানি দূষিত করার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



















































