সুপ্রভাত ডেস্ক »
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিলো যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে। সেই সময় আমরা দেখেছি যে, যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন; ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্তের জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।
তিনি বলেন, করাপশন কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে সবকিছু খুঁজে বের করা হোক। কারণ, ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আগে একটি রিপোর্ট দিয়েছে পত্রিকায়, আপনারা শুনেছেন-সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে।
তিনি বলেন, নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে সই করেছি। হয়তো আমরা অনেক পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি।
এ সময় বাজেটকে জনবান্ধব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বাজেট দেওয়ার আগে পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের নেতা ১০০ দিনের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন-সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য-সমস্ত পরিকল্পনা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করতে শুরু করেছি।




















































