এ মুহূর্তের সংবাদ

চাঁদপুরে অবৈধভাবে সওজের জায়গা ভরাট

নির্বাহী প্রকৌশলীকে তদন্তের নির্দেশ আদালতের

সুপ্রভাত ডেস্ক »

চাঁদপুর-রায়পুর সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছেন আদালত। একই সঙ্গে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে ২১ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

-advertise-

রোববার (২৮ জুন) চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৫ জুন একটি স্থানীয় দৈনিকে ‘চাঁদপুরে অবৈধভাবে সড়কের জায়গা দখল’ শিরোনামে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আসে। পরে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মিস মামলা গ্রহণ করেন।

আদেশে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বলা হয়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় খাজা আহম্মদ নগরের দক্ষিণে চাঁদপুর-রায়পুর সড়কের পূর্ব পাশে সওজের সরকারি জমি বালু দিয়ে অবৈধভাবে ভরাট করা হয়েছে। প্রায় এক মাস ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া ভরাটের জন্য সরকারের কোনো বিভাগের অনুমতিও নেওয়া হয়নি।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে সওজের সরকারি জমি অবৈধভাবে দখল ও ভরাটের মাধ্যমে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১ ও ১২ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধ আমলযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১)(সি) ধারা অনুযায়ী আদালত বিষয়টি আমলে নেন।

আদেশে চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলীকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে সরকারি জমি দখল ও ভরাটে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের পরিচয়, পূর্ণ নাম-ঠিকানাসহ আগামী ২১ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দিতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেছেন আদালত।