নগরে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগের রাতেও নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন লাগে।
সর্বশেষ দুটি ঘটনায় আগুন দেওয়া বাসের মালিক একই প্রতিষ্ঠান—নিহাল এন্টারপ্রাইজ। তবে ঘটনার সময় কোনো বাসেই চালক বা যাত্রী ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর ঘণ্টা খানেক পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাগরিকা এলাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি বলেন, পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নিউ মনসুরাবাদে বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পাহাড়তলী থানার আওতাধীন নয় বলে জানান ওসি নুরুল আবছার। তার ভাষ্য, ঘটনাস্থল আকবর শাহ থানা এলাকায়। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেন, তার থানা এলাকায় বাসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
এর আগে রোববার রাতেও নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

